ছবি : সংগৃহীত
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত, বৈষম্য দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার। অনেক ক্ষেত্রেই তাদের জমি দখলের মতো ঘটনাও ঘটে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেই সীমাবদ্ধ নয়; বরং দেশের সব জনগোষ্ঠীর জন্য সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অধিকার রক্ষায় সবাইকে আরও সচেতন ও সোচ্চার হতে হবে। বিশেষ করে জমি দখলের মতো ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ১০ জনকে বসতঘরের বরাদ্দপত্র, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জন শিক্ষার্থীর হাতে মোট ১৪ লাখ ৩৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!