যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

১৬ নেতার পদত্যাগের পর কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ PM

১৬ নেতার পদত্যাগের পর কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণার পর ৩১ সদস্যের মধ্যে ১৬ জন নেতার পদত্যাগের ঘটনায় শেষ পর্যন্ত পুরো কমিটিই বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল।

মঙ্গলবার (২৮ জুলাই) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কমিটি বিলুপ্তির সুনির্দিষ্ট কারণ ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন জানান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেলেও তাদের কোনো লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি আমলে নিয়ে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়।

দলীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার একদিনের মধ্যেই সোমবার (২৭ জুলাই) ছয়জন যুগ্ম আহ্বায়কসহ মোট ১৬ জন পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ—দুজনই বিদেশ থেকে এসে কমিটিতে নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় যুবদল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি গঠন করা হবে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!