যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ঢাবিতে ২৩১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ PM

ঢাবিতে ২৩১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর ২৩১ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা’।

সোমবার (২৭ জুলাই) উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপির সঙ্গে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের মোট ২৩১ জন শিক্ষকের একটি তালিকাও সংযুক্ত করা হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, তালিকাভুক্ত শিক্ষকদের একটি অংশ অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিশ্ববিদ্যালয়–সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় বিতর্কিত ভূমিকা পালন করেছেন। এসব অভিযোগ তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্মারকলিপিদাতারা।

জমা দেওয়া তালিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং একজন ইমেরিটাস অধ্যাপকের নাম রয়েছে।

এর আগে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা’ ব্যানারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নীল দলকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। একই ধারাবাহিকতায় এবার পৃথকভাবে ২৩১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা মন্তব্য জানানো হয়নি। তবে স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়েছে বলে জানা গেছে।

 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!