ছবি: সংগৃহীত
উন্নত স্বাস্থ্যসেবা, কিডনি রোগবিষয়ক গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেড এবং কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন (KDRF)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর হাতিরপুলে ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবর রহমান, পরিচালক সরোয়ার জাহান চৌধুরী, জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী, কেডিআরএফের আহ্বায়ক মো. আইয়ুব আলী চৌধুরী এবং সমন্বয়ক ডা. মাসুদ ইকবাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. মাহবুবর রহমান বলেন, ইম্পেরিয়াল হেলথ কেয়ার শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, মানবসেবার অঙ্গীকার নিয়ে কাজ করতে চায়। তিনি স্বল্প খরচে মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী জানান, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শাখা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং এ উদ্যোগে কেডিআরএফের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেডিআরএফের সমন্বয়ক ডা. মাসুদ ইকবাল বলেন, কিডনি রোগ প্রতিরোধ, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে তাদের উদ্যোগ একটি নতুন ও সেবামূলক ধারণা, যা দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি জানান, এই সমঝোতার মাধ্যমে গবেষণা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং অসংক্রামক রোগ (NCD) বিষয়ক কার্যক্রম আরও গতিশীল হবে। উল্লেখ্য, কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক স্বাস্থ্য ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। অন্যদিকে, ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেড আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!