যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০১:০৯ PM

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো ও নির্বাচন কমিশনের লোগো। ছবি : সংগৃহীত

 

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে দলটির একটি প্রতিনিধিদল।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়।

প্রতিনিধিদলে আরও ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার এবং শিশির মোহাম্মদ মনির।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের নিয়োগসহ আরও কয়েকটি বিষয়ে দলের অবস্থান কমিশনের কাছে তুলে ধরার কথা রয়েছে।

এর আগে ২১ জুলাই নির্বাচন কমিশনের এক সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের সুপারিশ চূড়ান্ত করা হয়। একই সভায় স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় সংসদ নির্বাচনের মতো সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ বেশ কয়েকটি সুপারিশ অনুমোদন করা হয়।

এ অবস্থায় এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে জামায়াতের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকটি রাজনৈতিক ও নির্বাচনী অঙ্গনে গুরুত্ব পেয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!