ঢাকা কলেজে ‘শাশ্বত জুলাই’ আলোচনা সভায় সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর একক অর্জন নয়, এটি পুরো জাতির অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৯ জুলাই) সকালে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ঢাকা কলেজ শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
শেখ রবিউল আলম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এ সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই। তিনি বলেন, যে অঙ্গীকার জনগণের সামনে দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণের ভোটের মাধ্যমে সরকার পেয়েছে এবং সংসদে সেই প্রতিশ্রুতি প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন জাতিকে নতুনভাবে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি স্বৈরাচারী সরকারের পতন কীভাবে নিশ্চিত করা যায়, সেই বার্তাও দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ জায়গা এবং জুলাইয়ের ঘটনাপ্রবাহ সেই বিষয়টিও সামনে এনেছে।
মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সরকার গঠন করা হয়েছে। এখন দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করার সময়। তার ভাষ্য, রাষ্ট্রকে আরও শক্তিশালী ও উন্নত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করেছে। তার দাবি, দলটির নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে।
তিনি বলেন, দেশের মানুষ যখনই অধিকার হারিয়েছে বা সংকটের মুখোমুখি হয়েছে, তখন বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। ঢাকা কলেজ একটি গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং এখানকার শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে ঢাকা কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন শেখ রবিউল আলম।
আলোচনা সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেনসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!