মুক্তির অপেক্ষায় মারভেলের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ছবি: সংগৃহীত
মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যানের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রিমিয়াম ফরম্যাটে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি বিশেষ প্রদর্শনের পর জনপ্রিয় রিভিউ অ্যাগ্রিগেটর রোটেন টমেটোজে ৯১ শতাংশ ফ্রেশ স্কোর অর্জন করেছে।
সিনেমাটিকে মারভেলের সাম্প্রতিক সময়ের অন্যতম সফল প্রজেক্ট হিসেবে দেখছেন সমালোচকরা। তাদের মতে, এটি শুধু একটি সুপারহিরো অ্যাকশন সিনেমা নয়, বরং আবেগ, ব্যক্তিগত সংকট ও রোমাঞ্চকর অ্যাকশনের সমন্বয়ে তৈরি একটি ভিন্নধর্মী গল্প।
‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর পর পিটার পার্কারের জীবনের নতুন অধ্যায়কে কেন্দ্র করেই এগিয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’র গল্প। সমালোচকদের মতে, এই সিনেমায় পিটার পার্কারের চরিত্রে টম হল্যান্ড তার অভিনয় দক্ষতার নতুন দিক তুলে ধরেছেন। তার চরিত্রের আবেগ, একাকিত্ব ও দায়িত্ববোধের বিষয়গুলো দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের কারণ হয়ে উঠেছে।
মুক্তির আগে সিনেমাটির ট্রেলার নিয়েও তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৫০ কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত সিনেমাটির ট্রেলার দেখতে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সিনেমাটিতে টম হল্যান্ডের পাশাপাশি অভিনয় করেছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন বার্নথাল ও মার্ক রাফালোকেও। এছাড়া নতুন মুখ হিসেবে স্যাডি সিঙ্ককে ঘিরেও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
যদিও সিনেমাটির দৈর্ঘ্য নিয়ে কিছু সমালোচনা রয়েছে, তবে সামগ্রিকভাবে এটি মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জন্য বড় সাফল্য বয়ে আনতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তি পেলেও উপমহাদেশের দর্শকরা একদিন আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন। স্পাইডারম্যান ভক্তদের জন্য এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হিসেবে আলোচনায় রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!