যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

‘জোর যার মুলুক তার’ নীতিতে দেশ চলছে: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০১:২৮ PM

১২
‘জোর যার মুলুক তার’ নীতিতে দেশ চলছে: সেলিম উদ্দিন

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: সংগৃহীত

দেশে ‘জোর যার মুলুক তার’ নীতিতে সবকিছু চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর বাড্ডার একটি স্থানীয় মিলনায়তনে বাড্ডা থানা দক্ষিণ জামায়াত আয়োজিত স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান অচলাবস্থার অন্যতম কারণ হলো সমস্যার মূল কারণ দূর না করে শুধু উপরের অংশে পরিবর্তন আনার চেষ্টা করা। তিনি বলেন, ‘কুয়ার ময়লা অপসারণ না করে শুধু পানি সরিয়ে দিলে যেমন সমস্যার সমাধান হয় না, তেমনি রাষ্ট্র পরিচালনায় অসৎ নেতৃত্বের পরিবর্তন না হলে জনগণের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।’

তিনি অভিযোগ করেন, রাজনীতিতে অসৎ নেতৃত্বের কারণে জনগণ রাষ্ট্রের প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। তার দাবি, দেশ ও জাতির স্বার্থে ভোগবাদী রাজনীতি থেকে বের হয়ে জনকল্যাণমূলক রাজনীতির দিকে ফিরে আসতে হবে।

জামায়াত নেতা বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। বারবার সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তার ভাষ্য, আইনের শাসনের পরিবর্তে দেশে স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে এবং বিভিন্ন সময়ে হত্যা, সন্ত্রাস, অপহরণ, গুপ্তহত্যা, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়েছে।

নগর ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের হাতে নগর প্রশাসনের পূর্ণ দায়িত্ব না থাকায় নাগরিক সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। দিন দিন ঢাকার পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়েছে, জলাবদ্ধতা নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা এখনো পুরোনো পদ্ধতিতে চলছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় আধুনিকতার অভাব রয়েছে এবং মশক নিধনেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ও গণপরিবহনকে জনবান্ধব করতে আরও উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ডিএনসিসিকে আধুনিক ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সেলিম উদ্দিন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাড্ডা থানা দক্ষিণ জামায়াতের আমির মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা এবং ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ। এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!