সিএনজি স্টেশন। ছবি : সংগৃহীত
গ্যাস সংকট ও চলমান পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে চার দফা দাবি বাস্তবায়নে সরকারকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনের নেতারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।
সমিতির চার দফা দাবির মধ্যে রয়েছে, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, জ্বালানির মূল্য পরিবর্তনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।
এর আগে একই দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই কর্মসূচি প্রত্যাহার করা হলেও দাবি আদায়ে নতুন সময়সীমা নির্ধারণ করেছে সংগঠনটি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!