ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড)-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামোসহ মোট ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৭ জুলাই) আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বিনিয়োগ দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে এটি বড় ভূমিকা রাখবে এবং সরকারের ঘোষিত ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকেও এগিয়ে নেবে।
তিনি জানান, প্রাথমিকভাবে ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামো উন্নয়নসহ প্রকল্পের মোট বিনিয়োগ ১০০ কোটি ডলার অতিক্রম করবে। এর ফলে শুধু আনোয়ারা নয়, পুরো অঞ্চলের সরবরাহ ব্যবস্থা, শিল্প উৎপাদন ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পটি চালু হলে ১ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, টেকসই শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
অনুষ্ঠানে বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন বক্তব্য দেন। তারা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, চীনা অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দক্ষিণ চট্টগ্রামে নতুন শিল্পায়নের ভিত্তি তৈরি হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!