বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রশিক্ষণ দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। জাতীয় উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার বিকেলে অতিথিদের আগমন ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিআইবিএমের অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) ড. মোহাম্মদ তাজুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, আর্থিক ও ব্যাংকিং খাতের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় ধারাবাহিক শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তিনি মানবসম্পদ উন্নয়নে বিআইবিএমের ভূমিকা তুলে ধরেন। এরপর অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জী ‘বিআইবিএম : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক প্রেজেন্টেশনে প্রতিষ্ঠানটির যাত্রাপথ, অর্জন ও ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (এনএপিডি)-এর মহাপরিচালক সিদ্দিকী জোবায়ের, এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান।
তাঁরা তাঁদের বক্তব্যে আর্থিক খাতে সুশাসন, নেতৃত্ব ও পেশাদারিত্ব বিকাশে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। তিনি বলেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ ও গবেষণার ভূমিকা অপরিসীম।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!