চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)। ছবি: সংগৃহীত
চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) টানা ১৫তম মাসের মতো স্বর্ণ ক্রয় অব্যাহত রেখেছে। সর্বশেষ জানুয়ারি মাসে দেশটির স্বর্ণ মজুত আরও বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।
পিবিওসির প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি শেষে চীনের স্বর্ণ মজুত দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার ট্রয় আউন্সে। আগের মাসে এই মজুতের পরিমাণ ছিল ৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার ট্রয় আউন্স।
একই সময়ে স্বর্ণ রিজার্ভের মোট মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারির শেষে চীনের স্বর্ণ মজুতের মূল্য দাঁড়ায় প্রায় ৩৬৯.৫৮ বিলিয়ন ডলারে, যা আগের মাসে ছিল ৩১৯.৪৫ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে। জানুয়ারি মাসে জল্পনামূলক কেনাকাটার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে উঠেছিল।
তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশের মনোনয়ন ঘোষণার পর স্বর্ণবাজারে বড় ধরনের সংশোধন দেখা যায়। এর ফলে স্পট মার্কেটে স্বর্ণের দাম নেমে আসে প্রায় ৪ হাজার ৪০০ ডলারে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ৯৬০ ডলারে লেনদেন হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও চীনের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণের চাহিদা কমতির দিকে। রাষ্ট্রীয় চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির স্বর্ণ ব্যবহার টানা দ্বিতীয় বছরের মতো হ্রাস পেয়েছে। গত বছর চীনে স্বর্ণের ব্যবহার ৩.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ৯৫০ মেট্রিক টনে।
বিশ্লেষকদের ধারণা, অভ্যন্তরীণ চাহিদা কমলেও বৈদেশিক রিজার্ভের নিরাপত্তা জোরদার করতে চীন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে স্বর্ণ ক্রয় অব্যাহত রাখতে পারে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ বাজার বৈশ্বিক অর্থনীতি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!