পাবনার সোনাপাতির বিলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মালঞ্চি গজমতিকুন্ডা এলাকার রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া এলাকার ইসমাইলের ছেলে রব্বেল (২২), শাজাহানের ছেলে মিজান (১২), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বাকি দুজন গুরুতর আহত হন।
বজ্রপাতের পর হতাহত ব্যক্তিরা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে তাঁদের উদ্ধার করেন। পরে আহত দুজনকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
পাবনায় বজ্রপাত সোনাপাতির বিল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!