যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

বগুড়ায় ঘর থেকে কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৫ PM ১০
বগুড়ায় ঘর থেকে কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে টুলু মিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর মেয়ে জুথি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির শোবার ঘর থেকে টুলু মিয়া (৫৫) নামের এক কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, টুলু মিয়ার স্ত্রী প্রায় ৪০ দিন আগে জীবিকার প্রয়োজনে সৌদি আরবে যান। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি বিবাহিত। ফলে তিনি বাড়িতে একাই থাকতেন। তবে কয়েক দিন ধরে তীব্র পেটব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার দেখাশোনার জন্য তাঁর বাড়িতে অবস্থান করছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গতকাল টুলু মিয়াকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। পরে বাড়িতেই তাঁকে স্যালাইন দেওয়া হয়। শনিবার সকাল ৮টার দিকে তিনি পানি পান করতে চাইলে মেয়ে জুথি পানি নিয়ে ঘরে যান। সেখানে বাবাকে বিছানায় বসা অবস্থায় দেখতে পান। পাশে পড়ে ছিল রক্তমাখা একটি বটি।

জুথি আক্তারের দাবি, ওই সময় তাঁর বাবা নিজেই গলায় আঘাত করার কথা জানান। পরে তিনি বাবাকে গ্লাসে করে পানি পান করান। এর কিছুক্ষণের মধ্যেই টুলু মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে শাজাহানপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নিহতের মেয়ে জুথি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলের আলামত ও পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বগুড়া শাজাহানপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!