যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

তাহসিফ হত্যা মামলায় দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০০ PM ১১
তাহসিফ হত্যা মামলায় দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তাঁর বন্ধু শাহরিয়ার রেজা দীপ। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর বন্ধু শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিতে চায় নৌ-পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে। নৌ-পুলিশ জানিয়েছে, আদালতে হাজির করে তাঁর সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

তাহসিফের বাবা এনায়েতুল করিম রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলাটি করেন। মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় পিবিআই। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। এ কারণে তদন্তের অংশ হিসেবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, শুক্রবার পিবিআইয়ের একটি দল দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায়। তুরাগ নদসংলগ্ন বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আশপাশে কী ঘটেছিল, তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির কোনো নম্বরপ্লেট ছিল না।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে কথা চলার সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন। দীপের ভাষ্য, ধাওয়াকারীদের মধ্যে দুজনের পরনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ছিল। একপর্যায়ে তাঁদের ধাওয়া দেখে তাহসিফ দৌড়ে গিয়ে তুরাগ নদে ঝাঁপ দেন। আর তিনি বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে আশ্রয় নেন।

তবে ঘটনার আগের ও পরের সময় নিয়ে দীপের বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। শুক্রবার ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান গণমাধ্যমকে বলেন, দীপের দেওয়া তথ্যের মধ্যে অসংলগ্নতা রয়েছে। তাই সব বক্তব্য সরাসরি বিশ্বাস করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দীপকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় নৌ-পুলিশ। এ উদ্দেশ্যেই আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

তাহসিফ সউরি শাহরিয়ার রেজা দীপ তাহসিফ হত্যা মামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!