ঢাকার ভারতীয় হাই কমিশনে গান্ধী জয়ন্তীর আয়োজন। ছবি: সংগৃহীত
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গান্ধীর সত্য, অহিংসা ও নিঃস্বার্থ সেবার আদর্শ স্মরণ করা হয়।
অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান সময়েও সত্য, অহিংসা ও মানবসেবার মূল্যবোধ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
আয়োজনের শুরুতে ফেরদৌস বাপ্পির পরিচালনায় ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে গান্ধীর জীবন, চিন্তাভাবনা ও অবদান সম্পর্কে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়। পরে ‘সেবা পক্ষওয়াড়া ২০২৪’-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
এরপর শিশুদের অংশগ্রহণে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়। পরে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিল্পীরা গান্ধীর প্রিয় কয়েকটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘বৈষ্ণব জন তো’, ‘যদি তোর ডাক শুনে’ ও ‘রঘুপতি রাঘব’। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের গানও পরিবেশন করা হয়।
আয়োজনের অংশ হিসেবে খ্যাতনামা বাংলাদেশি নকশাবিদ বিপ্লব সাহার নেতৃত্বে ‘বিশ্ব রঙ’-এর উদ্যোগে খাদি প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’ লোক ও আধুনিক সংগীতের সমন্বয়ে সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি ভারত ও বাংলাদেশের আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তরুণ ও শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
এ ছাড়া ফ্রেন্ডশিপ ও কুমিল্লা খাদিঘরের প্রদীপ কান্তি সাহার খাদির স্টল ছিল। পাশাপাশি নোয়াখালী ও জামালপুরের গান্ধী আশ্রমের বিভিন্ন নিদর্শনও প্রদর্শন করা হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!