যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, অংশ নিচ্ছেন না তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ PM ৪৪
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, অংশ নিচ্ছেন না তারেক রহমান

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভোরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে, সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সম্মেলনে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিন দিনের সফরে শুক্রবার ভোর ৪টার দিকে দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছান। সম্মেলনের আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

এবারের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শি জিনপিং ১২ ও ১৩ সেপ্টেম্বরের সম্মেলনে অংশ নেবেন।

পুতিন সম্মেলনে অংশ নিতে অন্য অনেক রাষ্ট্রপ্রধানের তুলনায় এক দিন আগে ভারতে পৌঁছেছেন। বেশির ভাগ আমন্ত্রিত রাষ্ট্রপ্রধান শনিবার নয়াদিল্লিতে পৌঁছাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিকস উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা কাঠামো, যেখানে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোর সহযোগিতা বাড়ানোর উদ্যোগ রয়েছে। বহুমুখী বিশ্বব্যবস্থার পক্ষে সহযোগিতা জোরদার করাও জোটটির আলোচ্য বিষয়গুলোর একটি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!