যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়া, দূষণ কমাতে ক্লাউড সিডিং অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ PM ৫৪
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়া, দূষণ কমাতে ক্লাউড সিডিং অভিযান

ছবি:সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান দ্বীপের বিভিন্ন এলাকায় দাবানল এবং কৃষিজমি তৈরিতে বন পোড়ানোর ধোঁয়ায় মালয়েশিয়ার বেশ কিছু অঞ্চলে বায়ুদূষণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ধোঁয়াশার প্রভাব কমাতে কৃত্রিম বৃষ্টির জন্য ক্লাউড সিডিং কার্যক্রম শুরু করছে মালয়েশিয়া সরকার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এবং রোববার (২০ সেপ্টেম্বর) সম্ভাব্য উপযুক্ত মেঘের উপস্থিতি সাপেক্ষে এই কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নাদমা), মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ (মেটমালয়েশিয়া), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স যৌথভাবে এই কার্যক্রমে অংশ নেবে। অভিযানে আরএমএএফের একটি সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হবে।

নাদমার মহাপরিচালক দাতুক মেওর ইসমাইল মেওর আকিম জানান, পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পিএম২.৫-এর মাত্রা ১৫০-এর ওপরে রয়েছে। এ কারণে বায়ুদূষণের প্রভাব কমাতে ক্লাউড সিডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কৃত্রিম বৃষ্টির এই উদ্যোগ পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। প্রয়োজনীয় ঘনত্বের মেঘ না থাকলে ক্লাউড সিডিং পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্তৃপক্ষের ভাষ্য, ধোঁয়াশা কমানো এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বায়ুর মান কিছুটা উন্নত করার জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে ক্লাউড সিডিং অন্যতম।

মালয়েশিয়ার পরিবেশ অধিদপ্তরের বায়ু দূষণ সূচক ব্যবস্থাপনা ব্যবস্থা (এপিআইএমএস) অনুযায়ী, শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশটির ১৭টি পর্যবেক্ষণ কেন্দ্রে অস্বাস্থ্যকর মাত্রার বায়ুদূষণ রেকর্ড করা হয়েছে।

পুত্রজায়ায় বায়ুমান সূচক (এপিআই) ছিল ১১১। কুয়ালালামপুরের চেরাস এলাকায় ১৩৯ এবং বাতু মুদায় ১২৪ রেকর্ড করা হয়। সেলাঙ্গরের শাহ আলমে সূচক বেড়ে ১৫৪-এ পৌঁছায়।

সারাওয়াকেও ধোঁয়াশার প্রভাব উল্লেখযোগ্যভাবে দেখা গেছে। প্রদেশটির সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রে অস্বাস্থ্যকর এপিআই রেকর্ড হয়েছে। এর মধ্যে সেরিয়ানে সর্বোচ্চ ১৭৬, কুচিংয়ে ১৭২, শ্রী আমানে ১৬৬, সামারাহানে ১৬৫, সিবুতে ১৫৮ এবং সারিকাইয়ে ১৫০ রেকর্ড করা হয়েছে। বিন্টুলুতে এপিআই ছিল ১০৩।

ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট আন্তঃসীমান্ত ধোঁয়াশার কারণে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে বায়ুমানের অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বায়ুদূষণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ইন্দোনেশিয়ার দাবানল মালয়েশিয়ায় ধোঁয়াশা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!