যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি, কঙ্গোয় নিহত অন্তত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ PM ৫৩
টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবি, কঙ্গোয় নিহত অন্তত ৪১

ডিআর কঙ্গোর টাঙ্গানিকা হ্রদে নৌদুর্ঘটনার প্রতীকী ছবি; ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌযান ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের দিকে যাওয়ার সময় মাপেরা গ্রামের কাছে নৌযানটি ডুবে যায়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে ঘটনার বর্ণনা দিয়েছেন। তাঁর ভাষ্য, স্থানীয় সময় রাত আনুমানিক ১টার দিকে নৌযানে থাকা ঘুমন্ত যাত্রীরা হঠাৎ জেগে ওঠেন। তখন তাঁরা নৌযানটিকে একদিকে কাত হয়ে থাকতে দেখেন। অল্প সময়ের মধ্যেই সেটি পানিতে তলিয়ে যায়।

নৌযানটি কেন ডুবে গেল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো কারণ জানা যায়নি। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ডিআর কঙ্গোয় নৌদুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী ও পণ্য বহন এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতির কথা উল্লেখ করা হয়।

দেশটিতে এর আগেও একাধিক প্রাণঘাতী নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বিভিন্ন সময়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে। টাঙ্গানিকা হ্রদের এবারের দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!