রমজান উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিক, এতিম শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সম্মানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। (ছবি: সংগৃহীত)
পবিত্র রমজান উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, এতিম শিক্ষার্থী এবং আলেম-ওলামাদের সম্মানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে।
জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেবেন। সরকারের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরপর শনিবার (৭ মার্চ) দেশের বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে আরেকটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, খরচ সাশ্রয়ের কথা বিবেচনা করে একই ভেন্যু ও একই মঞ্চে দুটি ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী অতিরিক্ত ব্যয় এড়াতে সব সময় গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আরও জানা গেছে, রোববার (৮ মার্চ) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে আরেকটি ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল। এছাড়া আগামী ১০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের জন্যও ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুটি কর্মসূচি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়া অতীতে রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন এবং বিরোধী দলে থাকলেও দলটির পক্ষ থেকে সেই ধারা বজায় রাখা হয়েছিল।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর ভাষানটেকসহ কয়েকটি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন এবং রমজানজুড়ে তাদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তারেক_রহমান ইফতার রমজান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!