যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:২৯ PM ৪৩
বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স এবং প্রশিক্ষণ বিনিময়ের সুযোগ আরও বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি নিয়মিত যৌথ প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় করেন তারা।

আলোচনায় প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টিও উঠে আসে। আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও রসদ সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সামরিক সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন প্রতিরক্ষা উপদেষ্টা। পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ক্রমেই আরও গভীর হচ্ছে উল্লেখ করে তিনি প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

অন্যদিকে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার হাইকমিশনার। বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আন্তর্জাতিকভাবে প্রশংসিত বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, এই সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া প্রতিরক্ষা সম্পর্কের বিদ্যমান সহযোগিতার পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তি, সামরিক সক্ষমতা ও কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনাও আরও স্পষ্ট হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশ মালয়েশিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!