ছবি:সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৩০ অভিযুক্তকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার বিষয়ে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের ওপর দমন-পীড়নের অভিযোগে এসব ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের নিজ নিজ ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। হেফাজতে থাকা ১১ আসামি ছাড়া অন্য ৩০ অভিযুক্তের কাউকেই এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তরা ট্রাইব্যুনালে হাজির না হলে কিংবা তাঁদের সন্ধান পাওয়া না গেলে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে বলে নির্দেশে জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের প্রয়োজনীয় নথি ও মামলাসংক্রান্ত তথ্য সরবরাহ করবে প্রসিকিউশন। এসব নথির ভিত্তিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অভিযুক্তদের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে পলাতক হিসেবে উল্লেখ করা এসব অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে দমন-পীড়নের অভিযোগসংক্রান্ত মামলায় শেখ হাসিনা, দুই সাংবাদিকসহ মোট ৪১ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলাটির পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবেই পলাতক অভিযুক্তদের হাজির করতে নতুন করে এ নির্দেশ দেওয়া হয়েছে।
শাপলা চত্বর মামলা ৩০ অভিযুক্ত গ্রেপ্তারি পরোয়ানা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!