মাগুরার শালিখায় মতবিনিময় সভায় বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত
কৃষকদের জন্য বরাদ্দ সার নিয়ে অনিয়ম, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, কৃষকের জন্য নির্ধারিত সার নিয়ে কারসাজি করে কেউ লাভবান হওয়ার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, কৃষি উৎপাদন সচল রাখতে সারের সরবরাহ ও ন্যায্য মূল্যে কৃষকের কাছে তা পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। বরাদ্দ করা সার কেউ আটকে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা করলে কিংবা বিতরণে অনিয়ম করলে তা মেনে নেওয়া হবে না। এ ধরনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার বিতরণ ব্যবস্থায় নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, কৃষক যাতে নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। কোনো অনিয়মের অভিযোগ উঠলে দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, কৃষকের জন্য বরাদ্দ সার বা অন্যান্য কৃষি উপকরণ যেন নির্ধারিত ব্যক্তিদের কাছে যথাযথভাবে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কৃষি উৎপাদন স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় শালিখা উপজেলার উন্নয়ন নিয়েও কথা বলেন নিতাই রায় চৌধুরী। তার বক্তব্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে উপজেলার কোনো কাঁচা রাস্তা রাখা হবে না; পর্যায়ক্রমে এসব রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সদস্যসচিব মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতিমন্ত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!