যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে নতুন দলনেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ PM ৫৬
ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে নতুন দলনেতা

ছবি: সংগৃহীত

সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নতুন নেতৃত্বে টিম পুনর্গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে অনুসন্ধান দলের দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। কমিশন জানিয়েছে, ইয়াফেস ওসমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ইতোমধ্যে অনুসন্ধানের আওতায় রয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে ইয়াফেস ওসমানের ছেলে ইশরার ওসমানের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে মো. সলিমুল্লাহকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।

এনআইবির দুই কর্মকর্তাকে ছুটিতে থাকা অবস্থায় দুটি বড় প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিও অনুসন্ধানের অংশ। এর পাশাপাশি নিয়োগ বাণিজ্য এবং অন্যান্য অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক।

এর আগে অনুসন্ধান টিমের দলনেতার দায়িত্বে ছিলেন উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক। তিনি পিআরএলে যাওয়ায় তার স্থলে মো. রাশেদুল ইসলামকে নতুন দলনেতা করা হয়েছে। তবে আগের টিমের সদস্যদের বহাল রাখা হয়েছে। নতুন টিমে সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত এবং উপসহকারী পরিচালক আফিয়া খাতুন সদস্য হিসেবে রয়েছেন।

দুদকের নির্দেশনায় নতুন অনুসন্ধান দলকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

দুদক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!