যুক্তরাষ্ট্র   শনিবার ১০ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

সায়মা ওয়াজেদের পদত্যাগ, ডব্লিউএইচও পদে নতুন নির্বাচন জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ PM ৫৯
সায়মা ওয়াজেদের পদত্যাগ, ডব্লিউএইচও পদে নতুন নির্বাচন জানুয়ারিতে

ছবি:সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সায়মা ওয়াজেদ। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য গোপনের অভিযোগ ওঠার পর এই পদত্যাগের ঘটনা ঘটল।

বুধবার তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সায়মা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে গত বছরের শেষ দিকে তাকে বেতন ছাড়াই প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।

এর আগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করে।

রয়টার্সের দেখা একটি নথি অনুযায়ী, WHO সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরের সঙ্গে সম্পর্কিত প্রায় ৯০১ ডলারের ভ্রমণ ব্যয় নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ তোলে।

আইনজীবীদের মাধ্যমে দেওয়া জবাবে সায়মা ওয়াজেদ অভিযোগটি অস্বীকার করেন। তার দাবি, নিয়মিত ভ্রমণ ব্যয়ের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়ায় তার একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।

সায়মা ওয়াজেদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও WHO-এর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এ বিষয়ে তিনি জানান, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন।

তার বক্তব্য অনুযায়ী, ডিগ্রিটি সম্মানসূচক—এ বিষয়টি তিনি WHO-এর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসকে আগেই জানিয়েছিলেন।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ আরও দাবি করেন, বাংলাদেশে একটি জমি বা প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে তোলা হয়েছে।

তিনি এই অভিযোগও প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, WHO-তে যোগদানের আগেই তিনি ওই সম্পত্তির মালিকানা পেয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি জমিটির অধিকার পেয়েছেন বলেও দাবি করেন।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ দীর্ঘ সময় বেতন না পাওয়ার কারণে তার আর্থিক সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে WHO নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথাও জানান তিনি।

WHO এখনো তার পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি। সংস্থাটি আগে জানিয়েছিল, সায়মা ওয়াজেদ প্রশাসনিক ছুটিতে রয়েছেন এবং গোপনীয়তার কারণে তার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদে নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে। ডিসেম্বরে প্রার্থীদের আবেদন যাচাইয়ের পর ২০২৭ সালের ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচন হওয়ার কথা রয়েছে।

WHO-এর আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ অঞ্চলের স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, রোগের প্রাদুর্ভাব মোকাবিলা এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলো পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে আঞ্চলিক পরিচালক নির্বাচন করে।

সায়মা ওয়াজেদের পদত্যাগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!