যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

দেশ গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM ৪০
দেশ গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশ পুনর্গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ সম্মিলিতভাবে কাজ করলে উন্নয়ন ও পরিবর্তনের পথে কোনো বাধাই টিকে থাকতে পারবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তরুণদের দেশের পরিবর্তনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারা যে পরিবর্তন ঘটাতে পারে, তা বিশ্বকে দেখিয়েছে। এবার সেই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের এত মানুষ যদি একসঙ্গে দেশ পুনর্গঠনের উদ্যোগ নেয়, তাহলে কাউকে সেই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া সম্ভব নয়। দেশকে কীভাবে গড়ে তোলা হবে, সেই দায়িত্ব তরুণদেরও নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাসের কর্মসূচির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শতভাগ সাফল্য অর্জন সম্ভব না হলেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ লক্ষ্যে আগামী তিন মাস সর্বোচ্চ তৎপরতা চালানোর কথা জানান তিনি।

নাগরিকদের নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ আঙিনা পরিষ্কারে দেওয়ার আহ্বান জানান। পরিচ্ছন্ন পরিবার ও পরিচ্ছন্ন দেশের মাধ্যমে সবার জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলাকে আগামী দিনের লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি।

এদিকে ডেঙ্গুর সম্ভাব্য সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। তিন মাসের এই কর্মসূচি ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা (ডিসি) কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে মাঠপর্যায়ের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

অনুষ্ঠানে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!