যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই : মীর শাহে আলম

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ PM ৩৩
স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে বলে জানান তিনি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সময় এ কথা বলেন প্রতিমন্ত্রী। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতার বিষয়গুলো নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কি পারবেন না।’

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, কোনো প্রার্থীর জন্য নির্দিষ্ট ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার বিধান রাখা হয়নি।

এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়। ওই বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!