যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

এক দিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, থাকছে মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ PM ৩১
এক দিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, থাকছে মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা

এক দিনের সফরে সিলেটে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁও সফরের পর এটি তাঁর সিলেট সফর।

বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে নিরাপত্তাবেষ্টিত মোটরকেডে তিনি সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।

সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতির গার্ড অব অনার গ্রহণের কর্মসূচি রয়েছে। এরপর তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখান থেকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য যাওয়ার কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির সফরসূচিতে ধর্মীয় স্থাপনা পরিদর্শনের পাশাপাশি রয়েছে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কর্মসূচি। বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ আরও কয়েকজন সফরসঙ্গী।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সিলেট নগরীতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন এবং নানা ধরনের সাজসজ্জা করা হয়েছে। সার্কিট হাউসের পথে সড়কের দুই পাশে সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতেও দেখা গেছে।

রাষ্ট্রপতির চলাচলের নির্ধারিত রুটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নগর ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি মাজার জিয়ারত করবেন। পরে বিশ্রাম শেষে বিকেলে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দিনের কর্মসূচি শেষে রাত ৮টার দিকে রাষ্ট্রপতির ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!