যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ PM ৪৯
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

ছবি:সংগৃহীত

জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষার্থে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহামুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই লিখিত আদেশ দেন।

কমিটিতে একজন বিচারিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এই কমিটি সরকারি দপ্তর ও আইন দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাসমূহের কার্যালয়ে কর্মচারীদের চেয়ার বা সোফার পেছনে অবৈধভাবে জাতীয় পতাকা প্রদর্শন করা হচ্ছে কি না এবং তা বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ, ১৯৭২ ও পতাকা বিধিমালা, ১৯৭২-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা তদন্ত করে আগামী ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে।

আদালতে আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আইনগতভাবে জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য নন, তারা তাদের অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে পতাকা প্রদর্শন বা উত্তোলন থেকে বিরত থাকবেন। একই সঙ্গে জাতীয় পতাকাকে কোনোভাবেই অভ্যন্তরীণ সাজসজ্জার সামগ্রী, অফিসের অলংকার বা ব্যক্তিগত ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করা যাবে না। এর আগে গত ২৫ আগস্ট আইনবহির্ভূতভাবে পতাকা প্রদর্শনের বিরুদ্ধে রিটের প্রেক্ষিতে রুল জারি করেছিলেন আদালত। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবীর মতে, পতাকা বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট ১৫ শ্রেণির ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের চেয়ারের পেছনে বা টেবিলে পতাকা প্রদর্শনের কোনো আইনগত সুযোগ নেই।

জাতীয় পতাকার মর্যাদা হাইকোর্ট আদেশ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!