যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

দক্ষতা উন্নয়নে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ এক কাঠামোয় আনার নির্দেশ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ PM ৪৩
দক্ষতা উন্নয়নে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ এক কাঠামোয় আনার নির্দেশ

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান; ছবি: সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন তিনি।

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব প্রশিক্ষণের জন্য অভিন্ন সিলেবাস এবং সনদায়ন ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের শ্রমবাজারের পাশাপাশি আন্তর্জাতিক কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের দক্ষ জনশক্তির আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, যুবসমাজের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা প্রশিক্ষণ চালু রয়েছে। তবে এসব উদ্যোগের মধ্যে পর্যাপ্ত সমন্বয় না থাকায় অনেক প্রশিক্ষণ ও সনদ প্রত্যাশিত কার্যকারিতা পাচ্ছে না। এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সনদের স্বীকৃতি নিয়েও সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ পরিস্থিতিতে এনএসডিএর গভর্নিং বডিকে দ্রুত একটি ছোট কমিটির মাধ্যমে প্রয়োজনীয় নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নীতিমালার ভিত্তিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও প্রশিক্ষণকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা বলেন তিনি।

অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাসে প্রশিক্ষণ এবং সনদ প্রদানের ব্যবস্থা চালু করা গেলে তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারে তাদের যোগ্যতার স্বীকৃতি বাড়বে বলে প্রধানমন্ত্রী মনে করেন।

সভায় এনএসডিএর প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যক্রমের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়নসংক্রান্ত নীতি ও কৌশলপত্র, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পরিকল্পনা এবং বিভিন্ন খাতে প্রয়োজনীয় দক্ষতার বিশ্লেষণ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা, প্রশিক্ষণের মানোন্নয়ন, সনদায়ন এবং বিভিন্ন সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়ও সভায় উঠে আসে।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন তারেক রহমান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!