যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬,২৩ চৈত্র ১৪৩২

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী অপহরণের পর ৫ ঘণ্টা গণধর্ষণ, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ PM

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী অপহরণের পর ৫ ঘণ্টা গণধর্ষণ, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

নির্জন ভুট্টাক্ষেতে উদ্ধার করা হয় ভুক্তভোগী কিশোরীকে ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় এক নবম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ঘটনার দিন সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে গেলে দুপুরে বাড়িতে একা থাকার সুযোগ নেয় অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, একই এলাকার দুই যুবক—কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪)—তাকে জোরপূর্বক অপহরণ করে পাশের একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তার মুখ বেঁধে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়।

সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে ভুট্টাক্ষেত থেকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রাতেই ভুক্তভোগীর পরিবার ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কিশোরী ধর্ষণ ডিমলা গণধর্ষণ নীলফামারী অপরাধ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!