যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬,২ চৈত্র ১৪৩২

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:৩৪ PM

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা

টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।

বুধবার (১১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও।

নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ভরিতে ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশে স্বর্ণের দাম নতুন করে বাড়ছে। এতে গয়না বাজারেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বর্ণের_দাম বাজুস বাংলাদেশ_স্বর্ণবাজার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!