মেয়াদ শেষ হওয়ার আগেই বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক তিনটি চিঠি সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পাঠানো হয়। চিঠিতে পরবর্তী বিধিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট এমডি ও সিইওদের সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদের করা চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতির কথা জানানো হয়েছে।
বেসিক ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. কামরুজ্জামান খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিলের বিষয়ে সরকারের সম্মতি জানানো হয়েছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. জসীম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের ক্ষেত্রেও সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে।
সরকারের সম্মতির পর সংশ্লিষ্ট তিন ব্যাংকের পরিচালনা পর্ষদকে পরবর্তী বিধিগত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন এবং এমডি ও সিইওদের সঙ্গে করা চুক্তির শর্ত অনুসরণ করার কথা চিঠিতে বলা হয়েছে।
তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের কাছে পৃথকভাবে চিঠিগুলো পাঠানো হয়েছে।
তবে এমডিদের চুক্তির মেয়াদ ঠিক কবে শেষ হওয়ার কথা ছিল, তাদের অব্যাহতির পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কী হবে এবং নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া কবে শুরু হবে—এসব বিষয়ে দেওয়া তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সরকারের এই সিদ্ধান্তের ফলে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে যাচ্ছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!