যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

সোনার দামে নতুন রেকর্ড, ভরি এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ PM ৫৭
সোনার দামে নতুন রেকর্ড, ভরি এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে সোনার গয়না। ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণের পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় শনিবার সকাল ৯টায় নতুন মূল্য নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবী সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের সোনার ভরিতে আগের দামের তুলনায় ১ হাজার ৫০ টাকা বেড়েছে। শুক্রবার প্রতি ভরি এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকায় ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার গয়নার এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

অন্যদিকে, নতুন তালিকায় রুপার গয়নার দাম কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৫ হাজার ১৫ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা ৪০ পয়সা। সনাতন পদ্ধতির রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০ টাকা।

বাজুস জানিয়েছে, গয়নার নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো গয়না পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রাখা হয়েছে। এক্সচেঞ্জ ও পারচেজের সময় পৃথকভাবে ভ্যাট কর্তনের সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

বাজুস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!