যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

বিমা দাবি না মেটালে সম্পদ বিক্রি করে গ্রাহকের টাকা পরিশোধ: অর্থমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ PM ৮৩
বিমা দাবি না মেটালে সম্পদ বিক্রি করে গ্রাহকের টাকা পরিশোধ: অর্থমন্ত্রী

ছবি:সংগৃহীত

বিমা গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যর্থ হলে প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানির সম্পদ বিক্রি করে হলেও দাবি মেটানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিমা দাবি আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব প্রতিষ্ঠান গ্রাহকের বৈধ পাওনা পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি জানান, বর্তমানে বিমা দাবির একটি বড় অংশ অনিষ্পন্ন রয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মোট বিমা দাবির প্রায় ৫৭ শতাংশ এখনো পরিশোধ হয়নি।

বিমা কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু প্রতিষ্ঠান গ্রাহকের পাওনা পরিশোধের পরিবর্তে জমি ও অন্যান্য সম্পদ কেনা কিংবা বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে।

এমনকি কিছু কোম্পানি সরকারি সিকিউরিটিজেও অর্থ বিনিয়োগ করেছে বলে জানান তিনি। অথচ একই সময়ে গ্রাহকদের বৈধ দাবি পরিশোধ করা হয়নি।

আমির খসরু বলেন, বিমা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব হলো গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য পর্যাপ্ত তারল্য নিশ্চিত রাখা। কোনো কোম্পানি সেই দায়িত্ব পালন না করলে প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করে গ্রাহকের দাবি মেটাতে হবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের বিমা খাতে দীর্ঘদিন ধরে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব সমস্যা দূর করে খাতটিকে আরও সুশৃঙ্খল করতে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকা প্রয়োজন।

তিনি জানান, ব্যাংকিং খাতের মতো বিমা খাতের আইন ও বিধিবিধানেও প্রয়োজনীয় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ভবিষ্যতে সংসদের মাধ্যমে পরিবর্তন আনার প্রত্যাশা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, মানুষ ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে কষ্টার্জিত অর্থ বিমায় বিনিয়োগ করেন। বিপদের সময়ে সেই অর্থ পাওয়ার প্রত্যাশাই থাকে গ্রাহকদের। কিন্তু দাবি পরিশোধে দীর্ঘসূত্রতা তৈরি হলে পুরো খাতের ওপর মানুষের আস্থা নষ্ট হয়।

তাই দ্রুত অনাদায়ি দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

যেসব বিমা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকের দাবি পরিশোধ করবে, তাদের কার্যক্রম ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানান অর্থমন্ত্রী। অন্যদিকে যারা পাওনা পরিশোধে গড়িমসি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রয়োজনে সম্পদ বিক্রি করে হলেও জনগণের বৈধ পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বিমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরলে মানুষের আস্থা বাড়বে। পাশাপাশি কর্মসংস্থান, রাজস্ব আয় ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিমা খাতের অবদানও আরও বাড়ানো সম্ভব হবে।

বিমা দাবি পরিশোধ বিমা নিয়ন্ত্রণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!