যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআরে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:১৪ PM ৪৬
বাংলা কিউআরে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা অতিরিক্ত চার্জ নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষ্য, এই ব্যবস্থায় কিউআর কোড ব্যবহার করে সম্পূর্ণ বিনা খরচে অর্থ লেনদেন করা যাবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে কেনাকাটার কার্যক্রম উদ্বোধন ও লেনদেন ব্যবস্থা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল আর্থিক সেবার আওতা সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তারাও যাতে সহজে কিউআর কোডের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারেন, সে ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি জানান, বিভিন্ন ব্যাংক বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে কিউআর কোড ব্যবহার করে সহজেই টাকা নেওয়া যাবে। এতে নগদ অর্থ সঙ্গে রাখার প্রয়োজন কমবে এবং দৈনন্দিন লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

অর্থমন্ত্রী বলেন, কার্যক্রম শুরুর পর্যায়ে কিছু কারিগরি সমস্যা বা সাময়িক জটিলতা দেখা দিতে পারে। তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বিকাশমান অর্থনীতিতে ক্যাশলেস লেনদেনের ব্যবহার ইতোমধ্যে কার্যকর ও নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, বাংলাদেশ ব্যাংকও এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ডিজিটাল লেনদেনকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে।

ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে দেশের নাগরিক, ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের সরকারি এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী ক্যাশলেস বাংলা কিউআর কোড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!