ডোনাল্ড ট্রাম্প, পেছনে এআই নির্মিত জলমাইনের স্থিরচিত্র। ছবি : ন্যাশনাল ইন্টারেস্ট
হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমা থেকে সব জলমাইন সরিয়ে ফেলা হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কোনো জাহাজ বা নৌযান দিয়ে নতুন করে মাইন পাতা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাকে জানিয়েছে যে হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন অপসারণ বা ধ্বংস করা হয়েছে।
তবে এটি ট্রাম্পের প্রথম এমন দাবি নয়। এর আগে গত ১৮ আগস্টও তিনি বলেছিলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত ও সচল রয়েছে এবং সেখানে থাকা সব জলমাইন সরিয়ে ফেলা বা ধ্বংস করা হয়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরান আদৌ মাইন পেতেছিল কি না, তা নিয়ে এর আগে বিভিন্ন সময়ে ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন ট্রাম্প। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।
সর্বশেষ পোস্টে ইরানের উদ্দেশে আরও কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ভবিষ্যতে কোনো জাহাজ বা নৌযান দিয়ে হরমুজ প্রণালিতে নতুন করে মাইন পেতে চেষ্টা করা হলে সেটিকে দ্রুত এবং ধারাবাহিকভাবে ধ্বংস করা হবে।
হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারির কথাও উল্লেখ করেন ট্রাম্প। তার দাবি, মার্কিন স্পেস ফোর্সের সক্ষমতা ব্যবহার করে প্রণালির পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
একই পোস্টে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গও তোলেন তিনি। ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনসহ ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনার ওপরও যুক্তরাষ্ট্রের নজরদারি অব্যাহত রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও জ্বালানি পরিবহন হয়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে উত্তেজনা, নিরাপত্তা হুমকি বা মাইন পাতা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নতুন করে দেওয়া বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালিতে মাইন পেতে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর থাকবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!