যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

এনদ্রিকের চোটে বাড়ল রিয়ালের বিপদ, কয়েক ম্যাচে অনিশ্চিত ব্রাজিলিয়ান

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ PM ৯
এনদ্রিকের চোটে বাড়ল রিয়ালের বিপদ, কয়েক ম্যাচে অনিশ্চিত ব্রাজিলিয়ান

ডান উরুর চোটে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিককে। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের চোট নিয়ে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। এবার চোটের তালিকায় যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ডান উরুতে সমস্যার কারণে মাঠের বাইরে চলে গেছেন এই তরুণ ফুটবলার। সোমবার এক বিবৃতিতে তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।

প্রাথমিক ধারণা অনুযায়ী, প্রায় দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন এনদ্রিক। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে ম্যাচের আগে তাঁর চোটের খবর রিয়ালের জন্য নতুন দুশ্চিন্তা তৈরি করেছে।

এই চোটের কারণে আগামী কয়েকটি ম্যাচেও এনদ্রিককে পাওয়ার সম্ভাবনা কম। আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক বিলবাও, আর্সেনাল ও ওসাসুনার বিপক্ষে ম্যাচে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত শুরুর একাদশে সুযোগ না পেলেও দলের হয়ে মাঠে নেমেছেন এনদ্রিক। ক্লাবের সর্বশেষ চার ম্যাচে তাঁকে বদলি হিসেবে খেলানো হয়েছে। মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচে অংশ নিয়ে একটি গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন এই ব্রাজিলিয়ান।

এনদ্রিকের পাশাপাশি চোটের কারণে রিয়ালের আরও তিন খেলোয়াড় বর্তমানে দলের বাইরে রয়েছেন। তাঁরা হলেন ফেরলাঁ মেন্দি, রাউল আসেনসিও ও রদ্রিগো গোয়েয। একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতিতে সামনের ম্যাচগুলোতে দল সাজানো ও বিকল্প খেলোয়াড় ব্যবহারে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে রিয়াল মাদ্রিদ।

এনদ্রিক রিয়াল মাদ্রিদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!