যুক্তরাষ্ট্র   বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM | সর্বশেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM ৪০
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুতে যুক্তরাষ্ট্রের আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২১ আগস্ট থেকে এ স্থগিতাদেশ আর কার্যকর নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২৮ আগস্টের হালনাগাদ তথ্যেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে এসব দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। এ ধরনের ভিসার মাধ্যমে একজন বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান এবং পরবর্তী সময়ে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় যেতে পারেন।

মার্কিন সরকারের পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, তালিকাভুক্ত দেশগুলোর কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এ কারণে আবেদনকারীদের বিষয়ে অতিরিক্ত যাচাই প্রয়োজন বলে মনে করেছিল প্রশাসন।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (সিএলআইএনআইসি)। মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বিবাদী করা হয়।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস মামলাটির রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কেবল কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা ছাড়িয়ে যায়।

এর পর ২১ আগস্ট থেকে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুতে থাকা স্থগিতাদেশ আর কার্যকর নেই।

স্থগিতাদেশ তুলে নেওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট দেশের প্রত্যেক আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ভিসা পাবেন। আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসী ভিসার সব যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

অর্থাৎ, আগের মতো আবেদন ও যাচাই প্রক্রিয়া চলবে এবং যোগ্য আবেদনকারীরাই ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

স্থগিতাদেশ কার্যকর থাকার সময় আগে ইস্যু করা অভিবাসী ভিসা বাতিল করা হয়নি। নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও ছিল। মূলত চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু করার ওপরই স্থগিতাদেশ কার্যকর ছিল।

এখন সেই বাধা উঠে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর যোগ্য আবেদনকারীদের অভিবাসী ভিসা ইস্যুর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বারবাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উজবেকিস্তান, উরুগুয়ে ও ইয়েমেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!