যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ PM ১২৪
সৌদিতে হুথিদের হামলায় নারী-শিশুসহ আহত ৭৩

ছবি : রয়টার্স

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

আল-মালিকি হামলাগুলোর নির্দিষ্ট সময় জানাননি। তবে তিনি ঘটনাগুলোকে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের জন্য সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

হামলা মোকাবিলা এবং এর উৎসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনা ও অবকাঠামোতেও হামলা হয়েছে। এতে কয়েকজন নাগরিক ও বাসিন্দা আহত হন। বিভিন্ন স্থানে আগুন ধরে যাওয়ায় কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হুথিদের গণমাধ্যম আনসারুল্লাহ জানিয়েছে, ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আবহা ও জাজান এলাকায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করেছে তারা। 

এর আগে হুথিরা অভিযোগ করে, উত্তর ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আল-হাজম এলাকায় একটি কারাগারে সৌদি বিমান হামলা হয়েছে। তাদের দাবি, ওই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে বড় ধরনের সংঘাত শুরু হয়। পরের বছর হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে এই জোট।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত অনেকটা কমে এসেছিল। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের বিভিন্ন এলাকায় আবারও লড়াই বেড়েছে। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর পাল্টা অভিযান এবং বাব আল-মান্দাব প্রণালির দিকে হুথিদের অগ্রসর হওয়ার চেষ্টা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

জাতিসংঘও নতুন করে সংঘাত বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনে হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলা এবং ইয়েমেনের ভেতরে পাল্টাপাল্টি সামরিক অভিযানের ফলে দীর্ঘদিনের এই সংঘাত নতুন করে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!