ছবি: সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী দেশটির বিভিন্ন এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে। এসব অভিযানে হুতি গোষ্ঠীর ১ হাজার ৭৪৭ সদস্য নিহত বা অক্ষম হয়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি।
সোমবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং ইয়েমেনের বিভিন্ন এলাকায় সরকারের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি বাহিনীর দাবি, সাদা, আল-জাওফ ও তাইজসহ বিভিন্ন অঞ্চল এবং দেশটির পশ্চিম উপকূলজুড়ে হুতিদের সামরিক অবস্থান লক্ষ্য করা হয়েছে।
অভিযানে হুতিদের কামান ও রকেট নিক্ষেপের স্থান, প্রতিরক্ষা ব্যবস্থা, রসদ ও সেনা চলাচলের পথ, সরবরাহ কেন্দ্র, সেনা অবস্থান এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান আল-নুজাইলি।
তিনি আরও দাবি করেন, এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার ও স্নাইপার ব্যবহার করা হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, হামলায় সামরিক পরিবহন ও সরবরাহ কাজে ব্যবহৃত যানসহ মোট ৩৬৪টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে রোববার ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুতিদের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট এলাকাগুলো পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।
তিনি বলেন, এ অভিযান সানা, সাদা কিংবা ইয়েমেনের অন্য কোনো প্রদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না; বরং সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠাই এর লক্ষ্য।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!