জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, দিল্লি বা পিন্ডি নয়, অন্য কোনো দেশের স্বার্থও নয়—সবার আগে থাকতে হবে বাংলাদেশ। তাঁর এই বক্তব্যের পর উপস্থিত দর্শকেরা সমস্বরে ‘বাংলাদেশ’ বলে সাড়া দেন।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে কিংবা গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ হওয়ার চেতনা বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বর্ণনা করেন তারেক রহমান। তিনি বলেন, ওই দিন দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র প্রতিহত করেছিলেন। তাঁর মতে, দেশের ইতিহাসে দিনটি শত্রু ও মিত্র চিহ্নিত করার একটি তাৎপর্যপূর্ণ সময়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই পরিস্থিতির অংশ হিসেবে ১ নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে পরিবারের সদস্যদের সঙ্গে গৃহবন্দি করা হয় বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমানের ভাষ্য, জিয়াউর রহমানকে বন্দি রেখে দেশের স্বার্থবিরোধী যে তৎপরতা শুরু হয়েছিল, সিপাহী-জনতা একযোগে তা প্রতিহত করে। এ কারণেই দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর জাতীয় ঐক্যের চেতনার প্রতীক হয়ে রয়েছে।
তারেক রহমান সবার আগে বাংলাদেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!