অস্ত্রসহ আটক যুবককে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে। ছবিঃ সংগৃহীত
বরিশালে প্রেমিকার চশমার লেন্স পরিবর্তন করে না দেওয়াকে কেন্দ্র করে এক যুবকের অদ্ভুত কাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে চশমার দোকানের এক কর্মচারীর ওপর হামলার চেষ্টা চালায় ওই যুবক। তবে স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার আগেই তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল নগরীর সদর রোড এলাকায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম সাফিন আহমেদ (১৯)। তিনি নগরীর রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
দোকানের কর্মচারী রিপনের ভাষ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে এক তরুণী তাদের দোকান থেকে একটি চশমার লেন্স কিনে নিয়ে যান। পরে তিনি এসে জানান যে লেন্সটির রঙ ঠিক মিলছে না এবং সেটি পরিবর্তন করে দিতে হবে। কিন্তু লেন্সের কাভার খুলে ফেলার কারণে তাৎক্ষণিকভাবে এটি বদলানো সম্ভব নয় বলে তাকে জানানো হয়। তবে দোকান কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য দুই দিন সময় চেয়েছিল।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই তরুণী তার প্রেমিককে ফোন করে বিষয়টি জানান বলে দাবি করেন দোকানের কর্মচারীরা।
পরদিন বিকেলে সাফিন আহমেদ দোকানে এসে অভিযোগ করেন যে তার প্রেমিকার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। এ সময় তিনি দোকানের কর্মচারী রিপনকে টেনেহিঁচড়ে দোকানের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন এবং তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন জানান, প্রেমিকা ও দোকানের মধ্যে লেন্স পরিবর্তন নিয়ে বিরোধের বিষয়টি ফোনে জানার পরও তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেনি সাফিন। পরে তাদের মধ্যে দেখা হলে কথাকাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে সে অস্ত্র নিয়ে দোকানের কর্মচারীর ওপর হামলার চেষ্টা করে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলের কাছেই পুলিশ টহলে ছিল। স্থানীয়দের সহায়তায় বড় ধরনের কোনো ঘটনা ঘটার আগেই সাফিনকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সদর রোডের বাংলাদেশ অপটিক্যাল নামের চশমার দোকানের কর্মচারী রিপন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল প্রেমিক প্রেমিকা চশমার লেন্স
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!