ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। ছবিঃ সংগৃহীত
শরীয়তপুরের চরভাগা এলাকায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ থেকে জিওব্যাগ চুরির ঘটনায় জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। তিনি বলেছেন, চুরি হওয়া জিওব্যাগ আগামী ১২ ঘণ্টার মধ্যে ফেরত দিতে হবে, অন্যথায় সংশ্লিষ্টদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সখিপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। এ সময় তিনি সখিপুর থানার ওসিকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সফিকুর রহমান কিরণ বলেন, পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে চরভাগাসহ আশপাশের জনপদ রক্ষায় সরকার ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণে বিপুল অর্থ ব্যয় করছে। বাঁধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থাপন করা জিওব্যাগ নদীর প্রবল স্রোতের চাপ কমিয়ে বাঁধকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে এসব জিওব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে, যা পুরো বাঁধের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
তিনি আরও বলেন, যারা এই চুরির সঙ্গে জড়িত তাদের দ্রুত এসব অপকর্ম বন্ধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জিওব্যাগ ফেরত না দিলে প্রশাসনের মাধ্যমে কঠোর অভিযান চালানো হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সংসদ সদস্য আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পায়, তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হবে।
সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ প্রায় পাঁচ হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫৯২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর তীর রক্ষায় ৫ দশমিক ৮ কিলোমিটার স্থায়ী ডান তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।
শরীয়তপুর জিওব্যাগ চুরি সফিকুর রহমান কিরণ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!