হরিরামপুরে অবৈধভাবে বাড়িতে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবিঃ সংগৃহীত
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অবৈধভাবে ডিজেল তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি বাড়ি থেকে ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি বাড়িতে ২০টিরও বেশি তেলের ড্রাম পাওয়া যায়। তবে সেখানে প্রায় ৮০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়। এ ঘটনায় রাজার কলতা এলাকার নয়ন (২৮) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় নয়ন জানান, তার শ্বশুর রফিকুল ইসলাম ভাদিয়াখোলা বাজারের একজন তেলের ডিলার। শ্বশুরের কাছ থেকে পাওয়া তেল তিনি নিজের বাড়িতে সংরক্ষণ করে বিক্রি করছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা এবং অতিরিক্ত দামে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়ম বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ ডিজেল_মজুত ভোক্তা_অধিকার
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!