বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর উদ্ধার তৎপরতা। ছবি: সংগৃহীত
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে।
জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একাধিক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং তার পরিবারের ১০ সদস্য রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পরপরই বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কার্যক্রমে অংশ নেন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।
এই মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।
সড়ক দুর্ঘটনা খুলনা মোংলা মহাসড়ক বাগেরহাট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!