যুক্তরাষ্ট্র   শনিবার ৩১ অক্টোবর ২০২৬,১৫ কার্তিক ১৪৩৩

দিলজিতের শো ঘিরে বোমার হুমকি, দিল্লিতে বাড়ছে নিরাপত্তা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ PM ২৫
দিলজিতের শো ঘিরে বোমার হুমকি, দিল্লিতে বাড়ছে নিরাপত্তা

সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। মুম্বাইয়ে তাঁর আসন্ন অনুষ্ঠান ঘিরে বোমা হামলার হুমকির খবর প্রকাশ্যে আসার পর দিল্লিতে নির্ধারিত কনসার্টের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করছে প্রশাসন। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর ‘অরা’ সফরের প্রথম ভারতীয় আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের মেয়রের কাছে পাঠানো একটি হুমকিমূলক ই-মেইলে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ এবং দিলজিতের কনসার্টে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পাঠানো ওই বার্তায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ে দিলজিতের আরেকটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এদিকে দিল্লির কনসার্ট নির্বিঘ্নে আয়োজন করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করছে। অনুষ্ঠানটির অনুমতি নিয়ে প্রাথমিক পর্যায়ে জটিলতা দেখা দিলেও পরে অনুমোদন পাওয়া গেছে। এখন বিপুলসংখ্যক দর্শকের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আয়োজকদের বেসরকারি নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছে পুলিশ। শুরুতে ৪০০ জন নিরাপত্তাকর্মী নিয়োগের পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে ১ হাজার ৫০০ থেকে ২ হাজারে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। আয়োজকদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রায় ৫৫ হাজার দর্শক একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে পারেন। এত বিপুল মানুষের সমাগম বিবেচনায় প্রবেশ ও বের হওয়ার পথ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শকদের ভিড় সামলানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

কনসার্টের দিন যানজট ও চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্রশাসন। স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। নির্দিষ্ট কিছু এলাকায় শুধু শিল্পী ও অনুষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

দর্শকদের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি করতে মঞ্চের সামনের র‌্যাম্প বড় করার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিরাপত্তা পর্যালোচনা ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছরের বেশির ভাগ সময় ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ‘অরা’ সফর নিয়ে ব্যস্ত ছিলেন দিলজিৎ। এবার ভারতের দর্শকদের সামনে সেই আয়োজন তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে হুমকির খবরের পর নিরাপত্তা প্রস্তুতি বাড়ানো হলেও দিল্লির অনুষ্ঠান নির্ধারিত সময়েই হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

দিলজিৎ দোসাঞ্ঝ দিলজিতের কনসার্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!