যুক্তরাষ্ট্র   শনিবার ৩১ অক্টোবর ২০২৬,১৫ কার্তিক ১৪৩৩

COP31-এ বরেন্দ্র অঞ্চলের সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ PM ১৮
COP31-এ বরেন্দ্র অঞ্চলের সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

ছবি: সংগৃহীত

বরেন্দ্র অঞ্চলের খরা, ভূগর্ভস্থ পানির সংকট এবং জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক মানুষের জীবনযাত্রায় তৈরি হওয়া চ্যালেঞ্জ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ পাচ্ছেন নওগাঁর তরুণ জলবায়ুকর্মী মো. মামুনুর রেজা। আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম আসর (COP31)-এ অংশ নেবেন তিনি।

নওগাঁ থেকে প্রথমবারের মতো কোনো প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মামুনুর। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিদ ও উন্নয়নকর্মীদের উপস্থিতিতে বরেন্দ্র অঞ্চলের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে চান তিনি।

সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আয়োজনে পার্শ্ববৈঠকেও বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এসব আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরা, পানির স্বল্পতা, অনিয়মিত বৃষ্টিপাত এবং কৃষিতে এর প্রভাব তুলে ধরবেন এই তরুণ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রেজা দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। তিনি নওগাঁভিত্তিক যুব সংগঠন ‘ভয়েস’-এর প্রতিষ্ঠাতা। পাশাপাশি পরিবেশবিষয়ক জাতীয় সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর প্রচার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বেড়ে ওঠায় পানির সংকট, তীব্র তাপপ্রবাহ এবং অনিয়মিত বৃষ্টিপাতের প্রভাব কাছ থেকে দেখেছেন তিনি। বিশেষ করে কৃষি ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় এসব সমস্যার প্রভাব তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে স্থানীয় মানুষের অভিজ্ঞতা তুলে ধরতে আগ্রহী করেছে।

COP31-এ জলবায়ু অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও লোকসান এবং প্রকৃতিভিত্তিক সমাধানের বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান মামুনুর।

তিনি বলেন, শুধু কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতিতে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। বরেন্দ্র অঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করাও জরুরি।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন মামুনুর। তাঁর মতে, জলবায়ু তহবিলের বড় অংশ প্রশাসনিক ও আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যয় হওয়ায় মাঠপর্যায়ের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী প্রত্যাশিত সুবিধা পায় না।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতির মুখোমুখি হচ্ছে, তা মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার দাবি আন্তর্জাতিক আলোচনায় জোরালোভাবে তোলার প্রয়োজন বলে মনে করেন তিনি।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের মাঠপর্যায়ের তথ্য, উপাত্ত ও ছবি সংগ্রহ করে বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে মামুনুরের। এর মাধ্যমে আন্তর্জাতিক আলোচনায় স্থানীয় মানুষের সমস্যা ও অভিজ্ঞতা আরও কার্যকরভাবে তুলে ধরতে চান তিনি।

সম্মেলন শেষে অর্জিত অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নওগাঁসহ বরেন্দ্র অঞ্চলের তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করছেন এই জলবায়ুকর্মী। স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ গড়ে তোলাও তাঁর পরিকল্পনার অংশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!