বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনায় বিভিন্ন অঞ্চলে সতর্কতা ছবি: সংগৃহীত
বসন্তের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে অস্থির আবহাওয়া বিরাজ করছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৮ মার্চ) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৯ মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২০ মার্চে দেশের আরও বিস্তৃত এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে এবং খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে।
২১ মার্চে প্রায় সারাদেশেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
২২ মার্চে বৃষ্টিপাত কিছুটা কমলেও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময় বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উন্মুক্ত স্থানে অবস্থান, নৌযান চলাচল এবং কৃষিকাজে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
ঝড়-বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া খবর শিলাবৃষ্টির সম্ভাবনা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!