যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সাজেকে গোলাগুলি, পর্যটকদের নিরাপদে সরানোর চেষ্টা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৪ PM ১২
সাজেকে গোলাগুলি, পর্যটকদের নিরাপদে সরানোর চেষ্টা

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার জানান, উজোবাজার এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি চলছিল। ঘটনার বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সাজেক সড়কে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়িতে নেওয়ার জন্য ব্যারিকেড সরানোর উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে গুলি ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় প্রায় তিন হাজার পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজারে পৌঁছালে অবরোধকারীরা বাধা দেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়ানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সাজেক থেকে ফেরার পথে পর্যটকেরা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় খাগড়াছড়ির কাছাকাছি পৌঁছেছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আঞ্চলিক আধিপত্য নিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বিরোধের প্রেক্ষাপটে সাজেক সড়কে অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। তবে গোলাগুলির ঘটনায় কারা সরাসরি জড়িত, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

সাজেক রাঙামাটি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!